ফরিদপুরে এলপিজি ডিলারে গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় প্রায় অর্ধলক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিভিন্ন অনিয়মে একটি ফিলিং স্টেশন ও পানি সরবরাহ প্রতিষ্ঠানকে আরও চল্লিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (০২ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. কামাল হোসেন।
এর আগে দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত “টাস্কফোর্স” এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকোর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তি জানানো হয়েছে, সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় আল বারাকাহ এন্ড কোং নামক একটি এলপিজি ওমেরা ডিলারে অভিযানকালে গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের রশিদ পাওয়া যায়নি। এ সময় “ভোক্তা অধিকার সংরক্ষণ” আইনে মোতাবেক খুচরা দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বাখুন্ডা মিনিবাস ফিলিং স্টেশনে ট্যাংকলরি ক্যালিব্রেশন সনদ পাওয়া না যাওয়ায় “ওজন ও পরিমাপ মানদণ্ড” আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লালখাঁর মোড় এলাকায় রিজিক ড্রিংকিং ওয়াটার নামক পানি সরবরাহকৃত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স বিষয়ক মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইনে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কার্যালয়ের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান, মাঠ কর্মকর্তা (সিএম) এস এম সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

