উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই জেঁকে বসছে শীত। ভোরের কুয়াশা, উত্তরের হিমেল বাতাস ও রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। দিনের বেলায় রোদের কারণে কিছুটা স্বস্তি মিললেও সন্ধ্যার পর বাড়ছে ঠান্ডার অনুভূতি। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন ভোরে কাজে বের হওয়া খেটে খাওয়া মানুষ।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকালে কুয়াশাচ্ছন্ন পরিবেশে কৃষক, দিনমজুর, চা ও পাথরশ্রমিক এবং ভ্যানচালকদের কাজে বের হতে দেখা গেছে। ঠান্ডা থেকে রক্ষা পেতে অনেকেই ব্যবহার করছেন চাদর ও গরম পোশাক।
অটোভ্যানচালক তরিকুল ইসলাম জানান, সকালে গাড়ি নিয়ে বের হলে ঠান্ডা বাতাসে শরীর কাঁপে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদে কিছুটা উষ্ণতা ফিরে আসে। চা শ্রমিক আবদুল খালেক বলেন, বাগানে কাজ করতে এখন সকালে গরম কাপড় সঙ্গে নিতে হচ্ছে।
এদিকে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় বাজারগুলোতে শুরু হয়েছে শীতের পিঠার আয়োজন। সন্ধ্যার পর ভাপা, চিতই ও পাকান পিঠার দোকানে বাড়ছে ক্রেতাদের আনাগোনা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলে হিমেল বাতাস ও কুয়াশার প্রভাবে তাপমাত্রা কমছে। সোমবার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের প্রকোপ আরও বাড়তে পারে।
তাপমাত্রার ওঠানামায় শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, এ সময়ে অনেকে সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা ও যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

