ফরিদপুরের মধুখালী উপজেলা সদরে অবস্থিত সরকারি আইনউদ্দিন কলেজের ফয়সাল আলী(১৮) নামে দ্বাদশ শ্রেণীর এক ছাত্র এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর না লিখে সরকারের কাছে চাইলেন বউ। এছাড়াও তার বিরুদ্ধে পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রশানিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বুধবার(১১ নভেম্বর) রাত পর্যন্ত এ ঘটনায় জোরালো কোন পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করেননি কলেজ কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার(১০ নভেম্বর) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। গত কয়েকদিন আগে পরীক্ষার খাতা মূল্যায়ন করার সময় কলেজের ইসলামী ইতিহাসের শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম বিষয়টি দেখতে পেয়ে কলেজের অধ্যক্ষকে জানান এবং বিষয়টি জানাজানি হয়।
কলেজ সুত্রে জানাগেছে, গত এক মাস আগে কলেজের এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষ হয়। সরকারি আইনউদ্দিন কলেজে অন্য শিক্ষার্থীদের মতো দ্বাদশ শ্রেণির ছাত্র ফয়সাল আলীও পরীক্ষায় অংশ নেন। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের বেসদি গ্রামের কুবাদ আলীর ছেলে।
গত ১২ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থী ফয়সাল আলী ইসলামী ইতিহাস পরীক্ষার খাতায় লিখেছে, মানুষ কি চায় তা আমি জানিনা, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়, এই শীতে বউ ছাড়া থাকাটা কত কষ্টকর তা আমার বন্ধু অভি আর ছামির থেকে ভালো কে জানে ? তাই আমি সরকারকে বলতে চাই তাদেরকে একটা করে হলেও বউ দেওয়া উচিত, নাইলে আর তাদেরকে বাঁচানো যাচ্ছে না। এ ছাড়াও ফয়সাল আলী পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও কটাক্ষ করে লেখা লিখেছেন বলে পরীক্ষায় খাতায় দেখা যায়।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী ফয়সাল আলীর ও তার বাবা কুবাদ আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট প্রভাষকে নিকট তাদের মোবাইল নাম্বার চেয়েও পাওয়া যায়নি। যার কারনে প্রাথমিকভাবে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে কলেজের ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ জাগো নিউজকে বলেন, ৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তিন চার দিন আগে পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে ওই ছাত্রের খাতায় এসব লেখাগুলো দেখতে পাই। পরবর্তীতে কলেজের অধ্যক্ষকে বিষয়টি অবগত করি। আসলে বিষয়টি খুবই দুঃখজনক। একজন ছাত্রের কাছ থেকে পরীক্ষার খাতায় এ ধরনের লেখা খুবই লজ্জাজনক।
এ বিষয়ে জানতে চাইলে মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার জাগো নিউজকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক লজ্জাজনক বিষয়। এমন শিক্ষা শিক্ষার্থীদের কখনোই দেয়া হয়নি। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধিমোতাবেক প্রশানিক ব্যবস্থা গ্রহন করা হবে৷ ইতিমধ্যে তার বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সাথে সাক্ষাতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

