ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নের ৪ হাজার ৬৫০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হচ্ছে। রবি মৌসুমে ফসলের আবাদ বাড়ানো, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের পাশে দাঁড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের ব্যবস্থাপনায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপা রানী সরকার উপস্থিত থেকে কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ। এ ছাড়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা উপকারভোগী কৃষক এবং কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা আয়োজনে অংশ নেন।
কৃষি অফিস জানায়, রবি মৌসুমে সরিষা, মসুর ও গম চাষের পরিধি ও ফলন বাড়াতে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মসূচি অনুযায়ী, ৪ হাজার কৃষককে জনপ্রতি ১ কেজি করে সরিষার বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার দেওয়া হচ্ছে। পাশাপাশি ৫০০ জন কৃষক পাবেন ৫ কেজি করে মসুরের বীজ ও ১৫ কেজি করে সার এবং ১৫০ জন কৃষককে দেওয়া হচ্ছে ২০ কেজি করে গমের বীজ ও ৭৩ কেজি করে রাসায়নিক সার।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সহায়তা কৃষকদের রবি মৌসুমে আবাদে আরও আগ্রহী করে তুলবে এবং সার্বিক কৃষি উৎপাদনে ভালো প্রভাব ফেলবে।

