ভারতের মুম্বাইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানে আধ্যাত্মিক গুরু সদগুরুর সঙ্গে কথা বলছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এ সময় সেখানে উপস্থিত হন ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলে শিল্পপতি অনন্ত আম্বানি। শাহরুখের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে অনন্তের হাতের একটি ইশারা ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।
অনুষ্ঠানে চলচ্চিত্র, ক্রীড়া, ব্যবসা ও আধ্যাত্মিক জগতের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। শাহরুখের পাশাপাশি সেখানে ছিলেন রণবীর সিং, অক্ষয় কুমার, বিক্রান্ত মাসে, অনন্ত আম্বানি ও সদগুরু।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সদগুরুর সঙ্গে আলিঙ্গনের পর তাঁর হাত ধরে কথা বলছেন শাহরুখ। একপর্যায়ে তাঁকে করজোড়ে সম্মান জানাতেও দেখা যায়। এ সময় সদগুরুর কাছে এগিয়ে আসেন অনন্ত। তাঁকে দেখে হাসিমুখে কথা বলেন শাহরুখ। অনন্তকেও হাসিমুখে শাহরুখের সঙ্গে কথা বলতে দেখা যায়। কথোপকথনের একপর্যায়ে হাত তুলে ইশারা করেন অনন্ত।
ভিডিওর ওই মুহূর্তটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনন্তের অঙ্গভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, শাহরুখের সঙ্গে কথা বলার সময় এভাবে হাত তুলে ইশারা করা ঠিক হয়নি। কেউ কেউ অনন্তের ওই অঙ্গভঙ্গিকে শাহরুখকে থামার সংকেত হিসেবেও ব্যাখ্যা করছেন। তাঁদের দাবি, এমন আচরণে শাহরুখের প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি। তবে ভিডিওতে পুরো সময় দুজনকেই হাসিমুখে দেখা গেছে।
অন্যদিকে, অনেকেই বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছেন। তাঁদের মতে, শাহরুখ ও অনন্তের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। তাই অনন্তের ওই ইশারা নিছকই স্বাভাবিক কথোপকথনের অংশ হতে পারে।
এদিকে, ভাইরাল ভিডিওটি নিয়ে এখন পর্যন্ত শাহরুখ খান কিংবা অনন্ত আম্বানি—কারও পক্ষ থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

