সংবিধান সংশোধন কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে এ কমিটি বাতিলের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তিনি। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমরা বৈঠকে বসেছিলাম। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক রাজনৈতিক সংকট নিয়ে কথা হয়েছে। আপনারা জানেন, গত কয়েকদিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। যার ভিকটিম সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব।
পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাস, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, কীভাবে দেশের এ পরিস্থিতির উত্তরণ ঘটানো সম্ভব, একটি রাজনৈতিক ঐক্য সম্ভব কি না, এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বর্তমান কনসার্নগুলো ব্যক্ত করেছেন। এ ছাড়া ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার জন্য প্রধানমন্ত্রী আহ্বান করেছেন বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, এর আগে সংসদেও সেটা প্রধানমন্ত্রী বলেছেন। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে, বর্তমান পরিস্থিতি আসলে একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর থেকেই গত ৭ থেকে ৮ মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরো স্পষ্ট না করার ফলে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।
নাহিদ বলেন, যেকোনো ধরনের ঐক্যে জুলাই, সংস্কার ও বিচার এবং দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ফলে এই ঐক্যের প্রক্রিয়ায় যাতে সংস্কার একটি অ্যাজেন্ডা হয়। সংস্কারকে অ্যাজেন্ডাভুক্ত করার আহ্বান বা সুপারিশ আমরা জানিয়েছি।
নাহিদ আরও বলেন, একদলীয় যে সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে, সেই কমিটি আসলে সংস্কার প্রক্রিয়াকে, গণভোটের রায় বাস্তবায়ন প্রক্রিয়াকে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আমরা সেই কমিটি বাতিল করার সুপারিশ জানিয়েছি। আহ্বান জানিয়েছি, যেভাবে গণভোটের রায় এসেছে সেই রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, আমরা বলেছি, বাংলাদেশে এই যে ফ্যাসিবাদবিরোধী লড়াইটা, আমরা জুলাই গণঅভ্যুত্থানে করেছিলাম, এই লড়াইটা আমাদের এখনো করতে হচ্ছে। এই লড়াইটা ছিল গণতন্ত্রের পক্ষ বনাম বিপক্ষ। ফলে আমরা যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারি, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে না পারি, টেকসই করতে না পারি, তাহলে জনগণের আস্থা অর্জন আমরা করতে পারব না। দেশে অর্থনৈতিক বিনিয়োগ আসবে না। ফলে এই কারণে সংস্কারটা অত্যন্ত জরুরি একটা বিষয়।

