সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৮৬ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন করে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮০ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় আরও ৫৪ জনের হাম নিশ্চিত হয়েছে।
সব মিলিয়ে গত ৮৬ দিনে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮১ হাজার ৮৪ জনে পৌঁছেছে। এদের মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৩ জনে।
ক্রমবর্ধমান সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় নজরদারি ও চিকিৎসাসেবা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে।

