বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তাকে দলীয় পদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এমপি থেকে পদত্যাগের নির্দেশের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার ফেরদৌস আহমেদ মিষ্টি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি যেকোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন।
ফেরদৌস আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। এবার তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় সরকারি দলের নীতিনির্ধারকদের কাছ থেকে।
এর আগে গত রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে। দলের একাধিক সূত্র জানিয়েছে, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

