ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল নিতজান অ্যালন বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধানমন্ত্রীত্বে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ করেছেন। তার দাবি, যুদ্ধ প্রায় এক বছর আগেই শেষ করা সম্ভব ছিল এবং হামাসের হাতে আটক বন্দিদেরও জীবিত ফিরিয়ে আনা যেত। কিন্তু নেতানিয়াহু যুদ্ধ শেষ করতে আগ্রহী ছিলেন না।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সূত্রে জানা গেছে, শুক্রবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অ্যালন বলেন, ইসরায়েল চাইলে যুদ্ধ প্রায় এক বছর আগেই শেষ করতে পারত এবং বন্দিদের জীবিত ফিরিয়ে আনার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ কাজে লাগানো হয়নি। তিনি মনে করেন, যুদ্ধবন্দিদের ফিরিয়ে আনার জন্য ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন ছিল না এবং ওই চুক্তি আগে হলে বন্দিদের মধ্যে মারা যাওয়া অনেক ইসরায়েলি নাগরিককে বাঁচানো সম্ভব হতো।
অ্যালন ২০২৫ সালের অক্টোবরের চুক্তিটিকে ‘কৌশলগত সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এই চুক্তির পর হামাসের সামরিক শক্তি অনেকটাই কমেছে। তবে তিনি প্রশ্ন তুলেছেন, চুক্তিটি আগে কেন করা হলো না। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েল সরকার পুরোপুরি যুদ্ধ বন্ধ করার বদলে আংশিক চুক্তির পথ বেছে নিয়েছিল, ফলে বন্দিদের কিছু অংশ মুক্তি পেলেও গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সুযোগ থেকে যায়।
সাবেক সেনা কর্মকর্তা আরো বলেন, যুদ্ধবিরতির পরও গাজায় একাধিক হামলা এবং ইসরায়েলি সেনার অভিযান চালানো হয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চাপ না দিলে ইসরায়েল হয়তো এখনো গাজায় যুদ্ধ চালিয়ে যেত। বন্দিদের মধ্যে প্রায় ৪০ জন ইসরায়েলির মৃত্যু হওয়ার কথা তিনি উল্লেখ করেন এবং বলেন, সরকারের সদিচ্ছা থাকলে তাদের অনেককেই জীবিত দেশে ফিরিয়ে আনা সম্ভব ছিল।
২০২৫ সালের অক্টোবরের চুক্তিতে ২০ জন ইসরায়েলি বন্দির বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়। সাবেক ইসরায়েলি কূটনীতিবিদ অ্যালান পিঙ্কাসও মনে করেন, এই চুক্তি আরো আগে করা সম্ভব ছিল। তিনি আলজাজিরাকে বলেন, ২০২৩ সালের অক্টোবরের হামলার পরপরই বন্দিবিনিময়ের সুযোগ তৈরি হয়েছিল এবং প্রায় দুই বছর পর বন্দিদের দেশে ফেরানো ছিল একটি বড় ব্যর্থতা ও ট্র্যাজেডি।
তবে অ্যালনের অভিযোগ মানতে নারাজ নেতানিয়াহুর দল। দলের পক্ষ থেকে পালটা বলা হয়েছে, অ্যালন আসলে হামাসের শর্ত মেনে ইসরায়েলকে আত্মসমর্পণের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন।

