সৌদি আরবের জুবাইল শহরে রোবার (৪ অক্টোবর) একটি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক মো. সজিব (২৫) নিহত হয়েছেন। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। জীবিকার তাগিদে কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি।
নিহত সজিবের মৃত্যুর বিষয়টি বাংলাদেশি কর্মী আল আমিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্য, রোববারের ক্ষেপণাস্ত্র হামলায় সজিব ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিহতের স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে এনে পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের চেষ্টা করবেন। তিনি নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

