বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে টেকসই, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সবার জন্য বাসযোগ্য নগর গড়ে তোলার আহ্বান করা হয়েছে। ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি উপস্থিত ছিলেন। বক্তব্য প্রদানকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেন, দেশের দ্রুত নগরায়ণের বাস্তবতায় পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
তিনি আরও বলেন, সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা, পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে একটি মানবিক ও বাসযোগ্য নগর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। নগর উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানুষের জীবনযাত্রার মান, নিরাপদ আবাসন, নাগরিক সেবা, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনও জড়িত। তাই সমন্বিত পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নগর ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে হবে।
সরকারের লক্ষ্য হচ্ছে প্রত্যেক নাগরিককে নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসনের পাশাপাশি উন্নত নাগরিক সুবিধা লাভ করতে সহায়তা করা। বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ও আন্তর্জাতিক সহযোগিতাকে আরও জোরদার করার উপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, নগর পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলী, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

