গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পরিকল্পিত ও ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে দরিদ্র নারীদের মালিকানাধীন ব্যাংকটি রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান অধ্যাপক ইউনূস।
বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিত অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ওই বাড়ি থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। বর্তমানে তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন।
গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলাকে আরও উদ্বেগজনক ও মর্মান্তিক বলে উল্লেখ করেন ড. ইউনূস। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান। ২০ বছর আগে প্রতিষ্ঠানটি নোবেল শান্তি পুরস্কার অর্জন করে। এ বছর দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপন করা হচ্ছে।
বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতির কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ব্যাংকটির ক্ষুদ্রঋণ মডেল অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এ মডেল আন্তর্জাতিকভাবে সমাদৃত। বিশেষ করে নারীদের অর্থনৈতিক সক্ষমতা অর্জন, মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনীতিতে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সুযোগ তৈরি করছে এ প্রতিষ্ঠান।
ড. ইউনূসের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব নারীই ব্যাংকের মালিক। ফলে ব্যাংকটির ওপর হামলা তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে বলে দাবি করেন ড. ইউনূস। তাঁর মতে, হামলার ধরন দেখে মনে হচ্ছে, অপরাধীরা প্রতিদিন এ ধরনের হামলার নির্দেশনা পাচ্ছে।
তিনি বলেন, কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় লাখ লাখ গ্রামীণ নারী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।
ড. ইউনূসের দাবি, এ সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, হামলাকারীরা গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে। তাঁদের দাবি, গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং তিনিই ব্যাংকটি পরিচালনা করেন। তবে প্রকৃতপক্ষে ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার।
তিনি জানান, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি নন এবং কখনো ছিলেনও না।
ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা নির্বিঘ্ন রাখতে এ নিরাপত্তা প্রয়োজন।
তিনি বলেন, হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।
এ ছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতি আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, যারা এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধির উদয় ঘটাতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠন এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করে তোলার বৈশ্বিক প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংককে রক্ষায় সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

