আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে এই ভাষণ সম্প্রচার করা হবে বলে জানা গেছে।
একই দিনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাদের ভাষণও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিতে সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, জামায়াত আমিরের ভাষণ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে প্রচারিত হবে।
এর আগে রবিবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হয়। ওইদিন সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ প্রচারিত হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

