চুয়াডাঙ্গার জীবননগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট সংরক্ষণ এবং ব্যবহারের দায়ে ‘মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোম’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৫ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জীবননগর পৌর শহরে পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান।
তিনি জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটারের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ল্যাবরেটরির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এতে রোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। এসব অনিয়মের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান চলাকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

