ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া, যিনি শিক্ষার্থীদের কাছে ‘মোনামি’ নামেও পরিচিত। সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন।
এর আগে একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন।
ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, “I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.”
তিনি জানান, দীর্ঘ শিক্ষকতা জীবনে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা ছিল না। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্ব গ্রহণে আগ্রহী ছিলেন না তিনি।
তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর পরিস্থিতি বদলে যায়। সেই আহ্বানেই তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব নিতে সম্মত হন বলে উল্লেখ করেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লেখেন, “আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ। এত বড় দায়িত্ব, যা সাধারণত সিনিয়র শিক্ষকেরা পান, সেই দায়িত্বে আমি!”
সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেহরীন আমিন বলেন, তার কাছ থেকে তিনি ধৈর্য, সংযম এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর শিক্ষা পেয়েছেন।
জুলাই আন্দোলন-পরবর্তী সময়কে “অভূতপূর্ব অভিজ্ঞতা” হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতির মুখোমুখি আগে কোনো প্রক্টরিয়াল টিম হয়েছে বলে তার জানা নেই।
পোস্টের শেষাংশে নতুন প্রক্টর ও তার টিমের জন্য শুভকামনা জানিয়ে তিনি লেখেন, “It was an absolute honour to serve with my team and under the leadership of our Proctor Saifuddin Ahmed sir.”
একই সঙ্গে তিনি নতুন প্রশাসনিক টিমের সফলতা কামনা করে লেখেন, “Congratulations to our new Proctor and his team. Wishing this team all the best in carrying out this significant responsibility.”

