সোনারগাঁও ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইউনিভার্সিটির গ্রীনরোড ক্যাম্পাসের অডিটরিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াত ও বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিদায়ী শিক্ষার্থীরা তাদের ইউনিভার্সিটি লাইফের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তারা শিক্ষকদের সঙ্গে ক্যাম্পাসে কাটানো বিগত সুন্দর সময়, বিভাগের ক্লাসরুমের পরিবেশ এবং শিক্ষাজীবনের নানা অভিজ্ঞতা নিয়ে নিজেদের অনুভূতি ও মতামত শেয়ার করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম। তিনি বিভাগের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের ভবিষ্যৎ জীবন ও কর্মক্ষেত্রের জন্য শুভকামনা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, রেজিস্ট্রার এস. এম. নুরুল হুদা, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। তারা শিক্ষাজীবনে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রথম পর্বের শেষে অনুষ্ঠানের চেয়ারপারসন ও ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. আল-আমিন মোল্লা সমাপনী বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলার সফলতা কামনা করে প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করেন।
এরপর মধ্যাহ্নভোজের বিরতি শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের ইউনিভার্সিটি লাইফের শেষ অধ্যায়কে স্মরণীয় করে রাখার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের নতুন যাত্রায় তাদের অনুপ্রেরণা জোগায়।

