রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম সাজেক ইউনিয়নের তালছড়া এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ঢেবাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
শিক্ষা সামগ্রী বিতরণের পর বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় কার্বারি (গ্রাম প্রধান) ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি বা সমাজ উন্নতি লাভ করতে পারে না। সাজেকের মতো দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং ঝরে পড়া রোধ করতে শিক্ষক, অভিভাবক ও এলাকার সচেতন জনগণকে একযোগে এগিয়ে আসতে হবে।’
জনসচেতনতামূলক এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিসিপি বাঘাইছড়ি থানা শাখার সভাপতি চিবরন চাকমা, সহ-সভাপতি উদ্দীপন চাকমা, সাংগঠনিক সম্পাদক রুপেস চাকমা, পিসিজেএসএস-এর বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি পুলকজ্যোতি চাকমাসহ সংগঠনটির অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। প্রন্তিক এলাকার শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এমন সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা।

