ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শুক্রবার (২১ আগস্ট) খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত আয়োজিত এ প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেয়।
নৌকা বাইচ দেখতে দুপুর থেকেই বুড়িগঙ্গার দুই তীরে হাজারো মানুষের ভিড় জমে। শত শত নৌকা ও ট্রলারে করে পরিবার-পরিজন নিয়ে নদীতে উপস্থিত হন নগরবাসী। নৌকার সারি, দর্শনার্থীদের উচ্ছ্বাস আর উৎসবের আমেজে বুড়িগঙ্গা হয়ে ওঠে প্রাণবন্ত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের লক্ষ্য ছিল নগরবাসীর মধ্যে ঢাকার প্রতি মমত্ববোধ, ভালোবাসা ও দায়িত্বশীলতা বাড়ানো এবং বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা।
প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাটে নোঙর করা শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার পিএস মাহমুদে পুরস্কার বিতরণ করা হয়। এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল। দ্বিতীয় হয় সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল এবং তৃতীয় স্থান অর্জন করে মাদারীপুরের আনিসুর রহমানের দল।

