চট্টগ্রামের জলাবদ্ধতা, রাস্তাঘাটের দুরবস্থা, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। আগামী বর্ষার আগেই এসব সমস্যা সমাধানে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বর্ষা এলেই জনপ্রতিনিধি ও প্রশাসনের লোক দেখানো কর্মকাণ্ড আর দেখতে চান না। হাঁটু বা কোমর পানিতে নেমে ছবি তোলা কিংবা নৌকা-মাচা নিয়ে প্রচারণার পরিবর্তে টেকসই সমাধান নিশ্চিত করতে হবে।
তিনি চট্টগ্রামের পানি নিষ্কাশন, সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন ও পানি ব্যবস্থাপনাকে সমন্বিতভাবে উন্নয়নের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে আগামী এক বছরের মধ্যে চট্টগ্রামকেন্দ্রিক একটি মেগা পরিকল্পনা গ্রহণের দাবি জানান তিনি।

