খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকা থেকে জেলায় ফেরার পথে সর্বস্তরের মানুষের উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নতুন চেয়ারম্যান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা থেকে সড়কপথে খাগড়াছড়িতে প্রবেশের সময় জেলার সীমান্ত এলাকা রামগড় থেকে শুরু করে জেলা সদরের নিজ বাসভবন পর্যন্ত বিভিন্ন স্থানে স্থানীয়রা তাঁকে স্বতঃস্ফূর্তভাবে বরণ করে নেন।
জেলা সীমানা অতিক্রমের পর রামগড়, জালিয়াপাড়া, গুইমারা, মাটিরাঙ্গা এবং খাগড়াছড়ি শহরের জিরো মাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধি, সচেতন নাগরিক সমাজ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পথসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নতুন চেয়ারম্যান বলেন, তাঁদের ভালোবাসা ও আস্থা তাঁর দায়িত্ব পালনের মূল শক্তি। পার্বত্য খাগড়াছড়ি জেলার প্রতিটি মানুষের ভাগ্যোন্নয়ন, সম্প্রীতি রক্ষা এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে তিনি নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় চেয়ারম্যানের সহধর্মিণী চিংম্রাউ মারমা, জেলা পরিষদ সদস্য রুমেল মারমা, রিপল চাকমা ও ইঞ্জিনিয়ার ক্যরি মগ উপস্থিত ছিলেন।
পরে নতুন চেয়ারম্যান খাগড়াছড়ি সদরের নিজ বাসভবনে পৌঁছালে সেখানেও জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রতিনিধিত্বশীল সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁর সফলতা এবং খাগড়াছড়ির সার্বিক শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করেন।

