খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার কিছুক্ষণ পর দুর্বৃত্তরা কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিস্ফোরণের সময় বিএনপি কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং এর সামনে কোনো লোকজনও ছিলেন না। বিকট শব্দে বিস্ফোরণের খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। পরে বিএনপির স্থানীয় নেতারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

