পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতিও। তার কাছ থেকে ট্রফি তুলে দেওয়া হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবে না—এমন সিদ্ধান্ত আগেই এসিসিকে জানিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
রোববার (১৩ সেপ্টেম্বর) নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। তবে শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি ভারতীয় নারী ক্রিকেট দল।
বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, নাকভির হাত থেকে ট্রফি দেওয়া হলে ভারতীয় দল অনুষ্ঠানে অংশ নেবে না—এ কথা তারা আগেই এসিসিকে জানিয়েছিলেন। এসিসি নিজেদের অবস্থান পরিবর্তন না করায় ভারতীয় দলের সামনে অনুষ্ঠান বর্জন ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না বলেও জানান তিনি।
এর আগে গত বছর ভারতের পুরুষ ক্রিকেট দলও নাকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকৃতি জানিয়েছিল। সেই ট্রফি এখনো এসিসির দপ্তরে রয়েছে।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কও দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। ২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়। তবে বহুজাতিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলাকে ভারতের নীতির অংশ হিসেবে উল্লেখ করেছেন সাইকিয়া। একই সঙ্গে নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তকেও তিনি ভারতের অবস্থানের অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন।

