শিশুদের ফুটবল ম্যাচে মাঠের উত্তেজনা অনেক সময় গ্যালারিতেও ছড়িয়ে পড়ে। অভিভাবক ও দর্শকদের গালাগালি, হুমকি, মারামারি কিংবা শিশু খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের মতো ঘটনা নিয়ন্ত্রণে এবার অভিনব উদ্যোগ নিয়েছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। যুব ফুটবলে চালু করা হয়েছে বিশেষ ‘কালো কার্ড’। তবে এই কার্ড খেলোয়াড়দের নয়, গ্যালারিতে থাকা অভিভাবক ও দর্শকদের অসদাচরণ নিয়ন্ত্রণে ব্যবহার করবেন রেফারি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ পর্যন্ত সব যুব প্রতিযোগিতায় নতুন নিয়মটি কার্যকর হবে। নিয়ম অনুযায়ী, গ্যালারিতে থাকা অভিভাবক বা দর্শকদের আচরণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রেফারি শেষ পর্যন্ত কালো কার্ড দেখিয়ে ম্যাচ স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারবেন।
নতুন প্রোটোকল অনুযায়ী, কোনো ম্যাচে গ্যালারি থেকে বিশৃঙ্খলা শুরু হলে প্রথমে রেফারি খেলা সাময়িকভাবে থামাবেন। এরপর দুই দলের কোচকে নিজ নিজ দলের অভিভাবক ও দর্শকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে বলা হবে। প্রাথমিকভাবে ম্যাচ বন্ধ না করে সমস্যা সমাধানের ওপরই গুরুত্ব দেওয়া হবে।
তাতেও পরিস্থিতির উন্নতি না হলে দ্বিতীয় ধাপে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করা হবে। এ সময় খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে অবস্থান করবে। কোচেরা আবারও গ্যালারিতে গিয়ে দর্শকদের শান্ত করার চেষ্টা করবেন।
পরিস্থিতি স্বাভাবিক হলে ম্যাচ পুনরায় শুরু হবে। তবে মাঠে ফেরার পরও যদি অভিভাবক বা দর্শকদের আপত্তিকর আচরণ অব্যাহত থাকে, তখন রেফারি দেখাবেন চূড়ান্ত অস্ত্র ‘কালো কার্ড’। কালো কার্ড দেখানো হলে ম্যাচ সেখানেই শেষ হয়ে যাবে এবং কোনোভাবেই তা পুনরায় শুরু করা যাবে না।
রোমানিয়া ফুটবল ফেডারেশনের এই উদ্যোগের পেছনে রয়েছে যুব ফুটবলে অভিভাবক ও দর্শকদের অসদাচরণের একাধিক ঘটনা। শিশু খেলোয়াড়দের ওপর এমন নেতিবাচক পরিবেশের প্রভাব ঠেকাতে ২০২৪ সালেও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল ফেডারেশন। সে সময় অপরাধের ধরন অনুযায়ী ২ হাজার থেকে ৪ হাজার ইউরো জরিমানা এবং এক থেকে তিন বছর পর্যন্ত লাইসেন্স স্থগিতের বিধান করা হয়েছিল।
তবে এবার ম্যাচ-পরবর্তী শাস্তির পাশাপাশি ম্যাচ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতাও রেফারিদের দেওয়া হলো। শিশুদের ফুটবলে গ্যালারির নেতিবাচক পরিবেশ দ্রুত নিয়ন্ত্রণ করে খেলোয়াড়দের জন্য নিরাপদ, আনন্দময় ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

