সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও একাধিক সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ দাবি করেন হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারী।
ইয়াহিয়া সারী দাবি করেন, বুধবার ভোরে সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করে হুথি যোদ্ধারা। তাঁর দাবি, হামলাটি ছিল ‘সুনির্দিষ্ট ও পরিকল্পিত’ এবং এর ফলে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় বড় ধরনের ব্যাঘাত ঘটে।
হুথি মুখপাত্র আরও দাবি করেন, একই সময়ে সৌদির আবহা আন্তর্জাতিক বিমানবন্দর, খামিস মুশাইতের একটি সেনাঘাঁটি, জাজান প্রদেশের জিজানের দাঘারি ও আল-মাউসিম এলাকার সামরিক স্থাপনা এবং আসির প্রদেশের আনকিফাহ সেনাঘাঁটিতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইয়াহিয়া সারীর দাবি, এসব হামলার কারণে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনাও ব্যাহত হয়েছে এবং কয়েকটি সামরিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে হুথি মুখপাত্রের এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। পৃথক এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রিয়াদ অভিমুখে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, হুথি মিলিশিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি রিয়াদের উত্তরে ভূপাতিত করা হয়। তিনি আরও জানান, জোটের গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের একটি স্থান শনাক্ত করা হয়েছে।
আল-মালিকি বলেন, ওই উৎক্ষেপণ কেন্দ্রের ওপর নজরদারি চলছে এবং সেটি ধ্বংস করার পদক্ষেপ নেওয়া হবে।
হুথিদের হামলার দাবির স্বাধীন সত্যতা বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
সূত্র: এএফপি, আনাদোলু এজেন্সি

